‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, গণপরিবহনে যাত্রীদের করণীয়, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো উন্নয়ন বা আইন প্রয়োগের বিষয় নয়; এটি সবার দায়িত্বশীল আচরণ ও সচেতনতার সম্মিলিত প্রতিফলন। সড়ক দুর্ঘটনা কমাতে চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। তাই শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান ও দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তাঁরা আরও বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে অর্জিত সচেতনতা পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মশালায় শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরে। এ সময় বিআরটিএর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের নির্বাহী পরিচালক ও পরিবহন বিশ্লেষক পার্থ সারথি দাস। ট্রাফিক সাইন ও সিগন্যাল বিষয়ে বক্তব্য দেন গুলশান ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন। সড়ক নিরাপত্তার গুরুত্ব, দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) তন্ময় কুমার ধর এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।