সকল মেনু

সালথায় এনসিপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির সদস্য সচিব সজিব মিঞাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকরাম মোল্যার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সালথা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সজিব মিঞা।

অভিযোগকারী সজিব মিঞা জানান, সোনাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে প্রায় দেড় থেকে দুই বছর ধরে ইকরাম মোল্যা ও সোনাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান শেখের সঙ্গে তার বিরোধ চলে আসছে। এর জেরে তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সজিবের অভিযোগ, জুলাই আন্দোলনের পক্ষে সক্রিয় থাকা এবং সালথা উপজেলা এনসিপির সদস্য সচিব হওয়ার পরও তাকে বিভিন্নভাবে হেনস্তা ও হামলার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, গত ২৬ জুন নিজের একটি জমি পরিমাপ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাকে মারধরের জন্য কয়েকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি প্রথমে স্ত্রী ও মেয়েকে একটি রিজার্ভ অটোরিকশায় করে নিরাপদে সরিয়ে দেন। পরে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় মো. ছিরু শিকদার তার মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে তাকে মারধরের চেষ্টা ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সজিবের আরও অভিযোগ, পরে ইকরাম মোল্যার নির্দেশে সেখানে থাকা কয়েকজন তাকে চারদিক থেকে ঘিরে ফেলেন। এ সময় দলিলগ্রহীতার কাছে পাওনা চার লাখ টাকা ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়। ওই টাকা দাবি না করার শর্তে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় সালথা থানায় জিডি করেন সজিব মিঞা। তার দাবি, জিডি করার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।

অভিযোগের বিষয়ে জানতে ইকরাম মোল্যার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে আবার ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, এনসিপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রথমে এসআই শওকত হোসেনকে জিডিটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তিনি অন্যত্র বদলি হওয়ায় এসআই শাখায়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। তিনিও বদলি হওয়ায় বর্তমানে এসআই মহিবুল্লাহকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওসি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top