সকল মেনু

কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

হটনিউজ প্রতিবেদক

এক দফা কর্মসংস্থানের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। গতকাল দিনভর কর্মসূচি পালনের পর রাতভর সেখানেই অবস্থান করেন তাঁরা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালেও তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, রাতভর অবস্থান করলেও সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো কার্যকর সহযোগিতা বা ন্যূনতম সহানুভূতি দেখানো হয়নি। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষিত প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের দাবিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।

এক দফা দাবি

আন্দোলনকারীদের একমাত্র দাবি, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করা।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কোনোভাবেই ঘরে ফিরবেন না।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিনের বেকারত্ব, অনিশ্চয়তা ও বঞ্চনা তাঁদের জীবনকে চরম সংকটের মধ্যে ফেলেছে। ন্যায্য দাবি আদায়ে তাঁরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যেতে প্রস্তুত।

প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি

আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতেরও দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, দীর্ঘদিনের কর্মসংস্থান সংকটের বিষয়টি তাঁরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান।

তাঁরা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই। আমাদের দাবি আদায়ে তিনিই আমাদের একমাত্র ভরসা। তিনি যদি আমাদের প্রতি সুদৃষ্টি দেন এবং কার্যকর সিদ্ধান্ত নেন, তাহলে দেশের শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে।’

আন্দোলনকারীরা আরও বলেন, তাঁরা সরকারের কাছে করুণা বা অনুকম্পা চান না। শিক্ষা, যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী তাঁরা কাজের সুযোগ চান।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এক দফা কর্মসংস্থানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের সামনে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনকারীদের ভাষায়, ‘আমরা পিছিয়ে যাব না। আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থানও স্পষ্ট। আমরা চাই কর্মসংস্থান। দাবি বাস্তবায়নের কার্যকর সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top