আইন অমান্য করে ফুটপাত দখল করে আবারও দোকানপাট বসানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সব জায়গায় হকার বসার সুযোগ দেওয়া হবে না। সরকার নির্ধারিত জায়গায় হকার বসলে সিটি করপোরেশনের আপত্তি নেই। তবে শুক্র ও শনিবারসহ অনুমোদিত কিছু ফুটপাত ছাড়া অন্য কোথাও হকার বসতে দেওয়া হবে না।
তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সরকার ও সিটি করপোরেশন কাজ করছে। উচ্ছেদ করা ফুটপাত বা সড়ক পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আবদুস সালাম আরও বলেন, উচ্ছেদের পর কেউ আবারও সড়ক বা ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের মালামাল ক্রোক করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে।
তিনি বলেন, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করাই নয়, দখলমুক্ত এলাকার সৌন্দর্যবর্ধন ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।