সকল মেনু

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে। এর বিভিন্ন লক্ষণও এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুমিল্লায় কিশোর অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এতে সারাদেশের মানুষ মর্মাহত। নিহত কিশোরের বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিরা অনেকটা কিশোর অপরাধীর মতো। তাদের বয়স নিহত কিশোরের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বেশি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু আলামতও পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, পুলিশ ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে। এ ছাড়া ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে।

রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, কুমিল্লার এই হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে। বিচার বিভাগ মামলাটিকে রামিসা হত্যা মামলার মতো গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন অপরাধের পেছনে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ সমস্যা মোকাবিলায় মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে। স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে, যাতে শিশুরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, ‘সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণও দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর সেটির বিচার হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি। দায়িত্ব গ্রহণের পর প্রতিটি জঘন্য অপরাধ দ্রুততম সময়ে উদঘাটনের চেষ্টা করা হয়েছে। যেসব ঘটনা সময়সাপেক্ষ, সেগুলোর তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top