ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের মোকাবিলায় যুক্তরাজ্যের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে সৌদি আরব। লন্ডন এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এখনো সৌদির অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি। তবে এ প্রস্তাবে তিনি ইতিবাচক সাড়া দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি সৌদি আরবকে পরামর্শ ও সহযোগিতা দিতে কয়েকজন সামরিক উপদেষ্টাকে রিয়াদে পাঠানোর বিষয়টিও বিবেচনা করছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ১১ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথি যোদ্ধারা। এতে সৌদি আরবের তেল রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে সুয়েজ খালের সঙ্গে আন্তর্জাতিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবেও জলপথটি ব্যবহৃত হয়।
মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাব আল-মান্দেব থেকে হুথিদের সরিয়ে দিতে কয়েক দিন আগে যুক্তরাজ্যের কাছে সৌদি আরব সহযোগিতা চেয়েছে—এমন তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
বাব আল-মান্দেব বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। মধ্যপ্রাচ্যের সমুদ্র উপকূলীয় তেলক্ষেত্র থেকে উৎপাদিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ এ পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিটির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ রয়েছে।
হুথিরা প্রণালিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন, ১২ সেপ্টেম্বর, তাদের দমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিমান অভিযান পরিচালনার সহযোগিতা চান সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
তবে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার মতো অবস্থায় নেই যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য এবং লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ দেওয়ার সহযোগিতা করতে পারে ওয়াশিংটন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।