সালথা (ফরিদপুর) প্রতিনিধি
‘গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বাইসাইকেল তুলে দেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।
ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম হোসেন, সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মাইনুল ইসলাম ও সহকারী শিক্ষক সুমন পাল।
এ ছাড়া ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. মোকলেছুর রহমান ও দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক) বলেন, ইউসুফদিয়া ও আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই সংগঠনটি গড়ে তোলা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত উপবৃত্তি, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও আপৎকালীন সময়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা দেওয়া হয়।
তিনি স্বেচ্ছাসেবী এ সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।