আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে। এসব খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘এসব খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তারা পাচার করেছে। এখন তারা বিদেশে বসে এসব ভোগ করছে, আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের কষ্ট করছে। আজ আমরা যে জ্বালানি সংকটে ভুগছি, এটা স্বৈরাচার আওয়ামী লীগের কারণে।’
তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো উন্নয়ন করতে পারেনি। আমরা চেষ্টা করছি অর্থনীতির চাকা সচল রাখতে।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রতিষ্ঠার সময় থেকে গত ৪৮ বছর বিএনপি দেশের জন্য কাজ করে চলেছে। যখনই দেশের মানুষ বিপদে পড়েছে বা দেশ কোনো সংকটে পড়েছে, বিএনপি সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ‘এখন যারা নতুন বাংলাদেশের কথা বলেন, নতুন ভবিষ্যতের কথা বলেন, তাদের মনে রাখতে হবে—বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুই বিএনপির হাত ধরে হয়েছে। বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।’
আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন ওড়ানো এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন শামা ওবায়েদ।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।