মুসলিম দেশগুলোর নেতাদের নিজেদের ‘সত্যিকারের শত্রু’ শনাক্ত করে তাদের পরিকল্পনা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি।
রোববার (৩০ আগস্ট) ‘ইসলামিক ঐক্য সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের এ আহ্বান জানান। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় মোজতবা খামেনি বলেন, ইসলামি দেশগুলোর শাসকদের, বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতাদের নিজেদের প্রকৃত শত্রু শনাক্ত করতে হবে। একই সঙ্গে শত্রুদের পরিকল্পনা বুঝে তা প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোজতবা আরও বলেন, মিথ্যার ওপর সত্য এবং অবিশ্বাসের ওপর ইসলামের বিজয়ের সময় আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি এসেছে।
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান
এদিকে মুসলিম দেশগুলোর সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
গত শুক্রবার ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি মিসর ও লেবাননের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়েও কথা বলেন।
আরাঘচি বলেন, মিসর চাইলে ইরান দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। তিনি বলেন, মিসরের সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠায় ইরান আগ্রহী এবং কায়রো এ বিষয়ে সিদ্ধান্ত নিলে তেহরানও প্রস্তুত রয়েছে।
লেবাননের প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সরকার ও রাজনৈতিক সব পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনে ইরান প্রস্তুত। তবে লেবাননের কিছু নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও ‘যৌক্তিক’ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত ‘অবৈধ হামলা’ প্রতিহত করার কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান আরাঘচি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।