হবিগঞ্জের ঘটনার পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভা গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর এনসিপির গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। দলটির অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
ঘটনার পর দুপুর ২টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির ‘সন্ত্রাসীরা’ তাদের গাড়ি ভাঙচুর করেছে এবং হামলায় রক্তাক্ত হওয়ার ঘটনাও ঘটেছে।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পুলিশ। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সড়ক দিয়ে গাড়িবহর যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল ছুড়ে মারে। এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। তাঁর ভাষ্য, এটিকে গাড়িবহরের ওপর পরিকল্পিত হামলা হিসেবে দেখার সুযোগ নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।