গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
নিহত মো. সোলেমান সিকদার (২২), শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেলযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা মোটরসাইকেলযোগে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কাওসার ও সোলেমান মারা যান।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলে ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।