ছোট ও বড় পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিকের আকস্মিক ও রহস্যময় মৃত্যুতে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শোবিজ মহলে। রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের ৮ তলা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনায় অভিনেত্রীর স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে ঝিলিক ও তার স্বামী প্রযোজক সাইফুল্লাহ ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ ও রাগারাগি হয়। ঝিলিকের পরিবারের অভিযোগ, সেই ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী সাইফুল্লাহ ঝিলিককে হাসপাতালের ৮ তলার বারান্দা থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেন। তবে সাইফুল্লাহর দাবি, ঝিলিক নিজেই অসাবধানতাবশত বারান্দা থেকে নিচে পড়ে গেছেন।
এদিকে ঝিলিকের এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করে চিত্রনায়ক অনিক রহমান অভি তার বৈবাহিক জীবনের কিছু নির্মম সত্য সামনে এনেছেন।
তিনি জানান, প্রেমের সম্পর্কের জেরে প্রযোজক সাইফুল্লাহকে বিয়ে করেছিলেন ঝিলিক। কিন্তু বিয়ের পর তিনি জানতে পারেন যে তার স্বামীর আগের সংসার ও সন্তান রয়েছে, যা বিয়ের আগে সম্পূর্ণ গোপন করা হয়েছিল। শুধু তাই নয়, বিয়ের পর ঝিলিকের জীবন প্রায় বন্দী হয়ে পড়েছিল। তাকে মিডিয়া জগৎ থেকে পুরোপুরি দূরে সরিয়ে দেওয়া হয়। এমনকি তার ফেসবুক ও ফোন ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা ছিল এবং কারও সাথে কথা বলতে দেওয়া হতো না। মাঝে মাঝে লুকিয়ে ভাইয়ের ফোনে কল করে ঝিলিক অঝোরে কান্নাকাটি করতেন বলেও জানান এই চিত্রনায়ক।
ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সার্বিক বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল সংবাদমাধ্যমকে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তবে প্রাথমিকভাবে তারা হত্যার কোনো সরাসরি প্রমাণ পাননি। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, আসমা ঝিলিক নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করতেন। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সাথে ‘রংবাজ’ সিনেমায় অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। তবে বিয়ের পর স্বামীর অনাগ্রহ ও সংসার টিকিয়ে রাখার তাগিদে অভিনয় ক্যারিয়ার থেকে পুরোপুরি আড়ালে চলে যান এই সম্ভাবনাময়ী অভিনেত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।