চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
এর আগে উদ্ধার কার্যক্রম চলাকালে হতাহতের সংখ্যা ধাপে ধাপে বাড়তে থাকে বলে জানায় কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৮২ জনে পৌঁছেছে।
সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।
শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। প্রদেশটির আয়তন গ্রীসের চেয়েও বড় এবং এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছর এই প্রদেশ থেকে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।
তবে দীর্ঘদিন ধরেই শানসির খনি শিল্প দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য সমালোচিত। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে খনিসংশ্লিষ্ট বহু দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।