প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি ত্রিশালে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় পর্যায়ে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ ছাড়া বিকেলে ত্রিশালের নজরুল মিলনায়তনে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে দীর্ঘদিন পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
তিন দিনব্যাপী আয়োজনকে কেন্দ্র করে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে বসেছে মেলা। একই সঙ্গে নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।