সকল মেনু

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তার এবং তার সঙ্গীদের ওপর এই অতর্কিত হামলা চালিয়েছেন।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের সামনেই তাদের ওপর হামলা শুরু করে। হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরে হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করে। হামলায় এনসিপির তিন কর্মীর মাথা ফেটে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয় বলে তিনি উল্লেখ করেন।

এনসিপির মুখ্য সংগঠক আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। (এই অবস্থায়) ছাত্রদল, যুবদল ও বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, নামাজ শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যাওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। হামলার পর এনসিপির স্থানীয় নেতাকর্মীরা শহরে বিক্ষোভ করেন এবং এই ঘটনার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top