দেশের দুই জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ও সকালে পৃথক এ ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁর রাণীনগরে মাঠে কৃষি কাজ করার সময় এবং বরিশালের গৌরনদীতে পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
সকাল ১১টার দিকে নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন পারইল গ্রামের বাসিন্দা ষাট বছর বয়সী আক্কাস ফকির এবং একই গ্রামের বাইশ বছর বয়সী তরুণ তারেক।
স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, সকালে আক্কাস ও তারেক জাঠাইল মাঠে কৃষি কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে দুপুর ২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ভীমেরপাড় গ্রামের ষাট বছর বয়সী আলিম হাওলাদার এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের আটত্রিশ বছর বয়সী সুকান্ত বালা। এছাড়া আহত ব্যক্তির নাম গোপাল সরকার, যার বয়স আনুমানিক চল্লিশ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজনই ভীমেরপাড় এলাকার একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা পানের বরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আলিম ও সুকান্তের মৃত্যু হয় এবং গোপাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত গোপাল সরকারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রথমে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পাই। পরে চৌকিদার পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হই। মরদেহ বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বজ্রপাত নিরোধে উপজেলা প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে তালগাছ রোপণ করা হয়েছে।
রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।