বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের মধ্যে বিএনপির প্রতি যে আস্থা ও সমর্থন তৈরি হয়েছে, তা দেখে রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা দলের গণভিত্তিকে দুর্বল করতে পারবে না।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বাড়তে থাকায় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন বক্তব্য বিকৃত করার চেষ্টা করছে। জনগণের সমর্থনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং বিভ্রান্তি তৈরির লক্ষ্যেই রাজনৈতিকভাবে নানা মন্তব্য করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করে যাচ্ছেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ সেগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। জনগণের মধ্যে তারেক রহমানকে নিয়ে যে আশা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে, তা তারা থামাতে পারছে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ চলছে এবং সারা দেশে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি দাবি করেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে তারেক রহমান তার পিতার পথ অনুসরণ করে খাল কাটা কর্মসূচিও পুনরায় চালু করেছেন, যা বিভিন্ন এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
অতীতের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আগে প্রতিশ্রুতি দেওয়া এবং তা বাস্তবায়নের মধ্যে বড় ধরনের ঘাটতি ছিল। বিভিন্ন রাজনৈতিক দল জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বিএনপি দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে জনগণের কল্যাণে যতটুকু সম্ভব, ততটুকুই প্রতিশ্রুতি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে ৮ দিনব্যাপী কর্মসূচি
রিজভী বলেন, যৌথসভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ মে থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—
শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা আয়োজন, ৩১ মে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন।
পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা পর্যায়ে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ
সারাদেশে কর্মসূচি
বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে একই দিনে পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।