আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় অনিয়ম ও অবহেলার অভিযোগ তুলে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
একইসঙ্গে রিটে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও মোট ২৪ জনের বিরুদ্ধে তদন্ত চলাকালীন দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে। তালিকায় আরও রয়েছেন—ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে ৬ এপ্রিল একই বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় পরবর্তী ধাপে রিট করা হয়েছে বলে জানান আবেদনকারী আইনজীবী।
ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে আবারও হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে বহু শিশুর মৃত্যু ও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে—এ প্রেক্ষাপটেই বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।
রিটের বিষয়ে হাইকোর্টের পরবর্তী শুনানিতে বিষয়টি বিবেচনায় আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।