সকল মেনু

ফারাক্কা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের পরিবেশ, নদী ও জীববৈচিত্র্যের ক্ষতি করেনি, বরং ভারতের ভেতরেও এর বিরূপ প্রভাব পড়েছে। তিনি বলেন, ভারতের বিভিন্ন মহল থেকেও ফারাক্কা বাঁধের সমালোচনা করা হয়েছে এবং এটি অপসারণের দাবিও উঠেছে।

শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ঐতিহাসিক ফারাক্কা দিবস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে এ বিষয়টি মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে। তাই শুধু আনুষ্ঠানিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহৎ পরিসরে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা আয়োজন করা হয়েছে, যাতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে জানতে পারেন।

তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক অবশ্যই প্রয়োজন, তবে তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। প্রশ্ন হলো, কেন ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল? ভারতেরই খ্যাতিমান প্রকৌশলী কপিল ভট্টাচার্য শুরু থেকেই এ প্রকল্পের বিরোধিতা করেছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন, এর ফলে শুধু তৎকালীন পূর্ব পাকিস্তান নয়, ভারতেরও ক্ষতি হবে।

রিজভী আরও বলেন, ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকরও ফারাক্কার বিরূপ প্রভাবের বিষয়ে কথা বলেছেন। তাদের মতে, এই বাঁধ পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য বাংলাদেশকে পরিবেশগত সংকটের মুখে ফেলা হয়েছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রা বেড়েছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে।

রিজভী বলেন, নদীর গতিপথ বাধাগ্রস্ত করা হলে সেটি ধীরে ধীরে প্রাণ হারায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে অনেক নদীর ওপর নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান আলীসহ অন্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top