সকল মেনু

২২ বছর পর শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ রাষ্ট্রীয় সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সরকারপ্রধানের আগমনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।

নেতার আগমন উপলক্ষে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আশায় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী চাঁদপুরে সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে স্থানীয় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন এবং নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি।

এ ছাড়া তিনি স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সফরে চাঁদপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে সফল করতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top