রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় এক যুবকের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন মো. রাফি হোসেন (২৬)। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাফির বাবা মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। রাফির মা মোমেনা বেগম জানান, রাফি টি-শার্ট প্রিন্টিংয়ের কাজ করে অনলাইনে বিক্রি করতেন।
হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই এলাকায় কয়েকজন যুবক তাকে একা পেয়ে শাহিন নামে এক ব্যক্তির খোঁজ জানতে চায়। তিনি না জানালে তাকে মারধর করা হয়। পরে তিনি রাফিকে বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন সেখানে পৌঁছালে ইমন নামে একজন পিস্তল বের করে রাফিকে গুলি করে। এ সময় ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল বলে জানান তিনি।
গুলির পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত রাফিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার ডান পাঁজরে গুলি লেগেছে বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।