সকল মেনু

বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার, মাঠে ফিরেই করলেন গোল

বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাওয়ার পথে আরও এক ধাপ এগোলেন নেইমার। ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তাঁকে আসন্ন বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করেছেন বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১৮ মে।

এদিকে দলে জায়গা পাওয়ার লড়াই আরও জোরালো করলেন নেইমার। সান্তোসের হয়ে চলতি মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় (১১মে) আবারও গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগের ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২–০ গোলের জয়ে প্রথম গোলটি আসে তাঁর পা থেকে।

ম্যাচে ৮২ মিনিট খেলেছেন নেইমার। গোলের পাশাপাশি একাধিক আক্রমণে নিজের পুরোনো ঝলকও দেখান তিনি। এর আগের ম্যাচগুলোতেও গোল পেয়েছেন এই তারকা, যা তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে।

চোট ও অনিয়মিত পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বশেষ তিনি খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর একাধিকবার দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

চলতি মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। সবশেষ ১৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১১ এবং অ্যাসিস্ট ৪। পারফরম্যান্স নিয়ে খুব বেশি প্রশ্ন না থাকলেও মূল দুশ্চিন্তা ছিল তাঁর ফিটনেস।

কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, সম্পূর্ণ ফিট ও প্রতিযোগিতামূলক অবস্থায় থাকা খেলোয়াড়দেরই দলে রাখা হবে। সেই কারণেই ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার।

তবে ফিটনেস ও ফর্মে ফেরার মধ্য দিয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এই ফরোয়ার্ড। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে ব্রাজিল শিবিরেও। দলের অনেক খেলোয়াড়ই প্রকাশ্যে তাঁর সঙ্গে আবারও খেলার আগ্রহের কথা জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top