সকল মেনু

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী, ১২ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী। এখনও পর্যন্ত ১২ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় ২ জন।

১২৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন।

রবিবার (১০ মে) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি পৌঁছান।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় গত ১৮ এপ্রিল। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top