সকল মেনু

হরমুজে নৌযানে অগ্নিকাণ্ড, ভারতীয় নাবিক নিহত

হরমুজ প্রণালির কাছে একটি কাঠের নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারত সরকারের সূত্র।

শনিবার (৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নৌযানটিতে ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাদের উদ্ধার করে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আহত নাবিকদের দুবাইয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট এক্স পোস্টে জানিয়েছে, তাদের কর্মকর্তারা উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পোস্টে বলা হয়, ‘আমরা নৌযানটির মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছি।’

এর আগে বিস্তারিত তথ্য প্রকাশ না করে কনস্যুলেট জানিয়েছিল, ‘সমুদ্রে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় একটি জাহাজের ভারতীয় ক্রুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। বিশ্বের মোট তেল রপ্তানির ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত শুক্রবার (৮ মে) হরমুজ এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই দেশের মধ্যে প্রায় মাসখানেক ধরে চলাযুদ্ধবিরতিকে আবারও হুমকির মুখে ফেলেছে। ইরান অভিযোগ করেছে, দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এবং বেসামরিক এলাকায় আঘাত হানার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রথমে আগ্রাসন শুরু করে। তবে ওয়াশিংটনের দাবি, তারা পাল্টা জবাব হিসেবে গুলি চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এসব গোলাগুলির ঘটনাকে ‘লাভ ট্যাপ’ বলে মন্তব্য করেছেন। পরে তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা পুনরায় শুরু করার জন্য ইরানকে একটি সমঝোতায় পৌঁছাতে হবে, অন্যথায় দেশটিকে আবারও হামলার মুখোমুখি হতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top