২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪৩৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে এই তথ্য প্রকাশ করে। এ তথ্য ৮ মে সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টার মধ্যে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে ২ ও সিলেটে হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে দেশে একদিনে নতুন করে ৪৮৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৪৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একইসঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৩ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৯ হাজার ৭৪৬ জন ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।