ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এতে হঠাৎ করে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে এবং নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক পর্যায়ে ৭.৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে শুক্রবার (৮ মে) এশিয়ার বাজার খোলার পর কিছুটা কমলেও দাম উচ্চ অবস্থানেই থাকে। গ্রিনিচ মান সময় রাত ৩টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ১০১ দশমিক ১২ ডলার, আর দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি ১০৩ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবির মধ্যেই হরমুজ প্রণালিতে দুই দেশের সামরিক উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হওয়ায় এই অঞ্চলের অস্থিরতা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নৌবাহিনীর তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালায়।
অন্যদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দাবি করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি একটি তেলবাহী জাহাজ ও পার্শ্ববর্তী আরেকটি জাহাজে হামলা করেছে। ইরান আরও অভিযোগ করেছে, কেশম দ্বীপসহ কয়েকটি বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বড় তেলবাহী জাহাজগুলো সেখানে চলাচল সীমিত করেছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক দৈনিক প্রায় ১ কোটি ৪৫ লাখ ব্যারেল তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে যুদ্ধ শুরুর আগের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে গভীর উদ্বেগ তৈরি করেছে।
উত্তেজনার প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক ১ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক আগের দিনের তুলনায় প্রায় ০.৪ শতাংশ কমেছে।
বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।