দেশের জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ আসছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সম্প্রসারণ প্রকল্পে। প্রকল্পের দ্বিতীয় ইউনিট বা ‘ইআরএল–২’ নির্মাণে ১০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১২ হাজার কোটি টাকা) ঋণ দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে জেদ্দাভিত্তিক ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।
সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আইডিবির কর্মকর্তাদের বৈঠকে ঋণের শর্ত ও বাস্তবায়ন কাঠামো নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, নতুন ইউনিট চালু হলে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটির উৎপাদন সক্ষমতা তিনগুণ বাড়বে। বর্তমানে ইআরএল বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করতে পারে। দ্বিতীয় ইউনিট চালু হলে এই সক্ষমতা বেড়ে ৪৫ লাখ টনে পৌঁছাবে।
দীর্ঘদিন ধরে নানা কারণে ঝুলে থাকা এই প্রকল্পটি এখন বৈশ্বিক জ্বালানি সংকট ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের প্রেক্ষাপটে অগ্রাধিকার পাচ্ছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় চার বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৯–৩০ সালের মধ্যে ইআরএল–২ চালু করা গেলে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। এতে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তাও শক্তিশালী হবে।
আইডিবির অর্থায়ন চূড়ান্ত হলে দ্রুত ঋণচুক্তি স্বাক্ষর এবং পরবর্তী দরপত্র প্রক্রিয়া শুরু করবে সরকার বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।