চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টায় উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে খাদে কাত হয়ে পড়ে আছে কালো রঙের মাইক্রোবাসটি। গাড়ির সামনের অংশ, সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেছে। নিহত ব্যক্তিদের গাড়ি থেকে বের করে সড়কের পাশে এনে রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।