বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে বিভ্রান্তিকর রাজনীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, জনগণ সচেতন থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের জিয়াখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই সবার প্রথম ও শেষ ঠিকানা। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কাজে লাগাতে পারলে দেশের ভাগ্যের পরিবর্তন সম্ভব।
তিনি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উদাহরণ তুলে ধরে বলেন, জনগণের সম্মিলিত উদ্যোগই পারে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে।
বিশ্বের অন্যান্য দেশের উন্নয়নের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, সিঙ্গাপুর অল্প সময়েই নিজেদের অবস্থার পরিবর্তন করেছে। তারা পারলে আমরাও পারব।
তিনি আরও বলেন, দেশের মানুষ অতীতে স্বাধীনতা অর্জনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সফল হয়েছে। তাই ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়ন সম্ভব।
প্রধানমন্ত্রী খাল পুনঃখনন, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে কাজের ওপর গুরুত্বারোপ করেন এবং এসব কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
স্থানীয়ভাবে নির্মিত একটি ছোট ব্রিজের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এলাকাবাসীর চলাচল সহজ করতে সেখানে নতুন ও উন্নত ব্রিজ নির্মাণের চেষ্টা করা হবে।
সমাবেশ শেষে তারেক রহমান আবারও দেশ গঠনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।