সকল মেনু

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

প্রশাসনে বড় ধরনের রদবদল এনে একসঙ্গে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ১৫টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, মো. আব্দুল্লাহ আল-মামুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক এবং কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক, দিল আফরোজকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং এ এস এম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক এবং হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

সরকার একই প্রজ্ঞাপনে তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

জনপ্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এই পরিবর্তন কার্যক্রমে গতি আনতে এবং দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top