বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনে পরাজিত একটি দল দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, ওই পক্ষটি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক বিভেদ উসকে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে নষ্ট করার অপচেষ্টা চলছে। একটি মহল আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে কিনা—এ বিষয়টি দেশবাসীকে ভেবে দেখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতীত ইতিহাস বিবেচনায় জনগণ ইতোমধ্যেই ওই দলকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেন রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত দলীয় সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, ঢাকায় এ কর্মসূচিকে উৎসবমুখর পরিবেশে পালনের পাশাপাশি রাজনৈতিক শপথ গ্রহণের দিন হিসেবে বিবেচনা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।