জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনে বাসভাড়া বাড়ালো সরকার। আজ থেকেই লোকাল ও দূরপাল্লার দুই ধরনের যাত্রীবাহী বাসের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার ঘোষণা অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ছে বাসভাড়া।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।
তবে সিএনজি চালিত বাসের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হয়।
তেলের দাম বৃদ্ধির পরই বাসভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিক ও শ্রমিকরা। এর ধারাবাহিকতায় নতুন ভাড়া নির্ধারণ করা হলো।
এর আগে ২০২২ সালেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানো হয়েছিল বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।