জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রয়োজনে এসি বাসের ভাড়া কয়েক স্তরে নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক ব্রিফিংয়ে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি মজুত ও সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন তিনি।
ড. জাহেদ উর রহমান জানান, বৈশ্বিক সংকটের কারণে বর্তমানে চাহিদার তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ হচ্ছে। তবে দেশে পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে ডিজেল মজুত আছে ১ লাখ ২২ হাজার ৬৩৩ টন, অকটেন ২৭ হাজার ৬০২ টন এবং পেট্রোল ১৮ হাজার ৪৫৪ টন।
ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সরকার চেষ্টা করছে জনগণের ওপর কম চাপ রেখে ভাড়া সমন্বয় করতে। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামেরও সমন্বয় হবে। একই সঙ্গে বাজারে আতঙ্কিত হয়ে পণ্য কেনার প্রবণতা (প্যানিক বাইয়িং) এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আসন্ন বাজেটে অতিরিক্ত ৪০ লাখ মানুষকে নতুন ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সহায়তা আরও সম্প্রসারিত করা হবে।
স্বাস্থ্য খাতে বড় উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এক কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ২৬ লাখ শিশু হামের টিকা পেয়েছে।
এছাড়া সারাদেশে পানিবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৫টি খালের মোট ১ হাজার ২৬০ কিলোমিটার খননের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬১ কিলোমিটার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
বিমান খাতে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর প্রস্তুতির কথাও জানান তিনি।
আইএমএফ ঋণ প্রসঙ্গে ড. জাহেদ উর রহমান বলেন, ঋণ প্রয়োজন হলেও সব শর্ত মানতে সরকার বাধ্য নয়। তবে জ্বালানির ভর্তুকি কিছুটা কমানো হবে।
সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে তিনি জানান, কিছু অধ্যাদেশ ইতিমধ্যে বাতিল হয়েছে। অসম্পূর্ণ বিষয়গুলো পরবর্তীতে সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, বৈশ্বিক সংকটে সবাই ক্ষতিগ্রস্ত হলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।