প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সংবাদপত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সংবাদপত্র মালিকরা শিল্পের টেকসই উন্নয়ন, নীতিগত সহায়তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
নোয়াবের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তিন মাসে একবার সম্পাদকদের সাথে বসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারপ্রধান।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে নোয়াব কমিটির সদস্যরা যোগ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে সংগঠনটি জানায়, বিনা কারণে কোনও সাংবাদিক জেলে আছেন কিনা অথবা গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বর্তমানে সরকারের উদার গণতন্ত্রের পথে হাঁটা অব্যাহত থাকলে নোয়াবের সমর্থন থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।
বৈঠকে অতীতের সরকারে মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয় এমন কিছু বর্তমান সরকার করবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছে নোয়াব।
এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রতি তিন মাস অন্তর সম্পাদকদের সঙ্গে বৈঠকের বিষয়ে আজ থেকে সূচি প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।