সকল মেনু

বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নারী নেত্রীরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দেশের গণতন্ত্র উত্তরণে কাজ করবেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর মধ্যে সেলিমা রহমানও একজন।

মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, এই মনোনয়ন অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় রয়েছে। আমরা আশা করি, তারা সংসদে যথাযথ ভূমিকা রাখতে পারবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলিমা রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা অংশ নিতে পেরে ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। ১৭ বছর পর গঠিত এই সংসদ গণতন্ত্র উত্তরণ এবং দেশকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করবে।

এর আগে, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top