সকল মেনু

সিটি করপোরেশন পেল বগুড়া

অবশেষে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া। পৌরসভা প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছর পর উত্তরের এ জেলা নতুন নগর সংস্থার মর্যাদা পেল।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টায় পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

এর আগে দেশে বিদ্যমান ১২টি সিটি করপোরেশন হলো-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই, ব্রিটিশ শাসনামলে। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড রয়েছে এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় ৪ লাখ।

২০০৬ সালে তৎকালীন সরকারের সময়ে আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয়। একই সঙ্গে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখনই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি।

সিটি করপোরেশন ঘোষণার এই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top