ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাক গলানোর বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?
রোববার (১৯ এপ্রিল) পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু (ইরান) কোন অপরাধের কারণে এ অধিকার ব্যবহার করতে পারবে না, সেটি তিনি বলেন না। একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?”
ইরানি প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না, সেটির কোনও সঠিক কারণ ট্রাম্প বলতে পারেন না।
এছাড়া ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে বলেও জানান তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান কখনো কোনও দেশে হামলা করেনি; করবেও না। কিন্তু ইরানই হামলার শিকার হয়েছে। এ কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের আত্মরক্ষা করছে ইরান।
আগামী শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি সূত্র। আজ রোববার নাম গোপন রাখার শর্তে তারা সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে তারা আলোচনা হওয়ার সম্ভাবনা দেখছেন।
তারা জানিয়েছেন, প্রথম বিষয় হলো— রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে।
সূত্রগুলো আরও বলেছেন, বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোনে যাওয়া সড়কগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সেখানে যে উচ্চপর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, সেটি বোঝা যাচ্ছে।
সর্বশেষ যে বিষয়টি সম্ভাব্য আলোচনার ইঙ্গিত করছে সেটি হলো— ইসলামাবাদের সেরেনা এবং ম্যারিয়ট হোটেলগুলো খালি করা হচ্ছে। হোটেলগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত কোনও বুকিং নেওয়া হচ্ছে না।
গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। যদিও ওই আলোচনা থেকে দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।