সকল মেনু

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে আবারও কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটি সতর্ক করেছে, তাদের কৌশলগত বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে তেহরান।

যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।’ তিনি আরও বলেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ এখনই তুলে নেওয়া হবে না। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া আসে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে গেলে ইরানও ‘হাত গুটিয়ে বসে থাকবে না’। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-র বক্তব্যের ধারাবাহিকতায় হরমুজ প্রণালি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরা হয়।

নির্ধারিত রুট মানা বাধ্যতামূলক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানের নির্দেশিত পথ অনুসরণ করতে হবে।

পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি: অর্থনৈতিক ও সামরিক অবরোধ চলতে থাকলে ‘প্রতিশোধমূলক’ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তেহরান।

‘অভিভাবক’ দাবি: হরমুজ প্রণালিকে নিজেদের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে ইরান বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তারা নমনীয়তা দেখাতে পারে- তবে তা একতরফা হবে না।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এই উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top