সকল মেনু

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-5)’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

 

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

তিনি জানান, বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন কর্মসূচি শুরু হলে অবশিষ্ট শিক্ষকদেরও ধাপে ধাপে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

 

অন্যদিকে, বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বলেন, দেশের সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকার ‘সুনীল অর্থনীতি’ বিকাশে কাজ করছে।

 

তিনি উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুরক্ষায় পূর্বে প্রণীত ‘উপকূলীয় অঞ্চল নীতি ২০০৫’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমানে সমুদ্র অঞ্চল পরিকল্পনা (Maritime Spatial Planning) কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে সম্ভাব্য অর্জনগুলো বিবেচনা করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রী জানান, সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top