সকল মেনু

আকস্মিক পরিদর্শনে বিমানবন্দরে মন্ত্রী

বিমানবন্দরের সার্বিক কার্যক্রম তদারকি করতে আকস্মিক পরিদর্শনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশনা দেন।

রোববার (৫ এপ্রিল) সকালে বিমানবন্দরে কার্গো টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

পরে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করে বিমানের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা দেন। এ সময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে ওই বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে গ্রাউন্ডেড ছিল। পরে বিমানটিকে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top