সকল মেনু

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে চলছে জোর আলোচনা, সাধারণ সম্পাদক পদে এগিয়ে যারা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে সংগঠনজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। নেতাকর্মীরা আশা করছেন, যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এরই মধ্যে বিশেষ করে সাধারণ সম্পাদক পদকে ঘিরে একাধিক নেতার নাম সামনে আসায় আগ্রহ বেড়েছে।

এর আগে ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়, যা পরে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নেয়। দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় এখন নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে সংগঠনটি।

দলীয় সূত্রগুলো বলছে, এবারের কমিটি গঠনে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা বিবেচনায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম আকতার শুভ, নাকিবুল ইসলাম চৌধুরী, রাজু আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহসহ আরও কয়েকজন নেতা।

এ ছাড়া ২০১১-১২ সেশনের বেশ কয়েকজন নেতার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। তাদের মধ্যে নাছির উদ্দিন শাওন, গাজী সাদ্দাম হোসেন, তারেক হাসান মামুন, মিনহাজ আহমেদ প্রিন্স, সাইদুর রহমান, ইব্রাহিম খলিল, মাহমুদ ইসলাম কাজল ও শামীম আকতার শুভ রয়েছেন।

এদিকে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম এবং তানভীর আল হাদী মায়েদের নামও চমক হিসেবে আলোচনায় এসেছে। বিশেষ করে তরুণ ও নিয়মিত শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে কমিটি গঠনের চিন্তাভাবনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে সভাপতি পদ নিয়েও একাধিক নাম ঘুরে বেড়াচ্ছে, যা নতুন কমিটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে শেষ পর্যন্ত কারা ছাত্রদলের নেতৃত্বে আসবেন, তা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। ফলে সংগঠনটির নেতাকর্মীদের দৃষ্টি এখন দলের হাইকমান্ডের দিকেই নিবদ্ধ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top