দেশে আজ সামরিক শাসন চলছে না, চিহ্নিত স্বৈরাচারও নেই তারপরও জনজীবনে স্বস্তি নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, দেশে আজ সামরিক শাসন চলছে না, চিহ্নিত স্বৈরাচার নেই তারপরও জনজীবনে স্বস্তি নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। সন্তানদের শিক্ষা জীবন হুমকির মুখে।
তিনি বলেন, শিশুরা ডিভাইসে আসক্ত। এরপর এখন আবার হোমক্লাস নামে ডিভাইস ধরিয়ে দিলে আরও বেশি আসক্ত হয়ে যাবে। হোমক্লাসে মেধার অপমৃত্যু ঘটবে।
তেলের সংকট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তেলের সংকট না হলে কেন তেল পাম্পে দীর্ঘ লাইন। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।
তিনি বলেন, সংকট তৈরি করতে চাই না, সংকট নিরসনের সাহায্য করতে চাই। কিন্তু সরকার কি জানি একটা লুকোচুরি করছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারে প্রশাসক বসানো সাংবিধানিকভাবে বেআঈনি। জাতীয় নির্বাচনে যারা সফল হয়নি, তাদের প্রশাসক বসানো হচ্ছে।
বিরোধী দলীয় নেতা নেতা বলেন, বিএনপির হাতেই প্রথম গণভোট হয়েছে। তখন জায়েজ হলে এখন না জায়েজ হলো কিভাবে? দুই তৃতীয়াংশের বেশি হওয়ায় বিএনপি গণভোটের উপর মতামত পরিবর্তন করে ফেলছে। সংবিধান এতো সংশোধন হওয়ার পরও ফ্যাসিবাদ আসলো কিভাবে? গণতন্ত্রে বিশ্বাস হলে গণভোটে সবাইকে এক হওয়ার আহ্বান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সরকার। জনগণকে দেয়া কথা তারা রাখেনি। জনগণের রায় বাস্তবায়ন করতে জনগণের কাছে আসতে বাধ্য করেছে সরকার। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব।
জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত জামায়াতসহ ১১ দলের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।