আটকে থাকা ৬টি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, ‘ছয়টি জাহাজের বিস্তারিত স্পেসিফিকেশন পেয়ে আমরা শনাক্ত করেছি। বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাহাজগুলো নিরাপদে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না। আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’
জলিল রহীমি আরও বলেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের ছয়টি জাহাজ রয়েছে এবং ইরান এই জাহাজগুলো যাতে নিরাপদে পার হতে পারে, তা নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এই অঞ্চলে থাকা আমাদের মুসলিম ভাইদের কোনো কষ্ট হবে না। যুদ্ধ পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করছি।’
রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালির নিয়মাবলী পরিবর্তন করা হবে। তিনি বলেন, ‘ইনোসেন্স প্যাসেজের নিয়ম অনুযায়ী কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া প্রণালি ব্যবহার করতে পারবে না। আমাদের সরকার ও সংসদ বিভিন্ন পদক্ষেপ শুরু করেছে এবং নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠিত হবে।’
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানে অবস্থানকারী ১৮০ জনের বেশি বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। যারা অবৈধভাবে ছিলেন, তাদের গ্রেপ্তার না করে, নামমাত্র জরিমানা করে দেশের ফেরত পাঠানো হয়েছে।
রাষ্ট্রদূত জলিল রহীমি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ১৫টি শর্তসহ প্রস্তাব দিয়েছে, তবে আমরা কোনো উত্তর দিইনি। আমাদের লক্ষ্য হলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। ইরান যুদ্ধ চায় না, তবে আমাদের জনগণ ও অঞ্চলের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।