সকল মেনু

নতুন পে স্কেলের জন্য নিজস্ব কমিশন গঠনের পরামর্শ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের

নতুন পে স্কেল নির্ধারণে সরকারকে নিজস্ব কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেছেন, আগের সরকারের পে কমিশনের প্রতিবেদন সরাসরি গ্রহণ না করে তা একটি উপাদান হিসেবে বিবেচনা করা উচিত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) কার্যালয়ে ‘বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক প্রাক্-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এই ব্রিফিংয়ের আয়োজন করে।

ড. দেবপ্রিয় বলেন, আগের অন্তর্বর্তী সরকারের নেওয়া পে স্কেল উদ্যোগ বর্তমান সরকারের ওপর এক ধরনের প্রলম্বিত দায় তৈরি করেছে। অনেক ক্ষেত্রে এটি অন্যায্যও। তাই বর্তমান সরকারের নিজস্ব কমিশন গঠন করে বিষয়টি পর্যালোচনা করা উচিত।

পাচার হওয়া অর্থ ফেরানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে ও বিদেশে জব্দ সম্পদ দ্রুত আইনি প্রক্রিয়ায় বিক্রি করে অর্থ ফিরিয়ে আনতে হবে। সম্প্রতি ৪৪ কোটি টাকা ফেরত আসার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, বড় অঙ্কের অর্থ কেন ফিরছে না।
রাজস্ব আদায় বাড়াতে রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, সরকারের প্রথম বছরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে শেষ দিকে তা কঠিন হয়ে পড়ে।

সরকারি ব্যয় ও ভর্তুকি ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকির চাপ বাড়তে পারে। তাই অদক্ষ ও অন্যায্য খাত চিহ্নিত করে ভর্তুকি পুনর্বিন্যাস করা প্রয়োজন। পাশাপাশি ধাপে ধাপে নগদ প্রণোদনা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি।

আসন্ন বাজেটে রাজস্ব বাড়াতে কর ছাড় কমানো, করের আওতা বাড়ানো এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top