সকল মেনু

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, একই পরিবারের চারজনসহ নিহত ৫

কুমিল্লার বুড়িচংয়ে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন।

নিহতরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারের সদস্য। তারা হলেন- মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন (৫০), ভাগনি লাবিবা (১৮) এবং ভাগনে সাইফ (৭)। তারা সবাই নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। নিহত অপরজন গাড়ির চালক জামাল হোসেন। তিনি বরিশালের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। এ সময় মহাসড়কের কালাকচুয়ায় এলে চট্টগ্রামগামী স্টার লাইন বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। চালক জামাল হোসেন এবং যাত্রী আবরারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক জামালকে মৃত ঘোষণা করেন। আবরার বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top