ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে সরকার।
এ উপলক্ষে বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে এক বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের রোগের বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, এ রোগগুলো মূলত এডিস মশা-এর মাধ্যমে ছড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং কোথাও মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে। তাই বাড়ির ছাদ, ড্রেন, ডোবা, নর্দমা কিংবা আশপাশের যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা খোলা জায়গায় যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পানির ট্যাংক ঢেকে রাখা এবং প্রতি সপ্তাহে অন্তত একদিন বাসা ও আশপাশ পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমের আগে সচেতনতা বাড়াতে আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে।
জাতীয় সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধির প্রতি নিজ নিজ এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের শেষে তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল কথা হলো—প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই নিজের বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও স্থির পানি জমে থাকতে না দেওয়া সবার দায়িত্ব। একই সঙ্গে তিনি দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজেকে রক্ষা করুন, অন্যকেও রক্ষা করুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।