আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পটির সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, এটি রাজনৈতিক অঙ্গীকারের অংশ হলেও বাস্তবায়নে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় প্রকল্পটি পরিচালিত হবে। চলতি অর্থবছরে অর্থ মন্ত্রণালয় থেকে এ খাতে থোক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।