আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোজার সময় ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট জারি করা এক সার্কুলারে এ সময়সূচি ঘোষণা করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়েও বিকল্প ব্যবস্থায় লেনদেন কার্যক্রম চালু রাখতে হবে।
সাধারণ সময়ে ব্যাংকের লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও রমজান মাস উপলক্ষে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
আগামী সপ্তাহ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি রমজানজুড়ে কার্যকর থাকবে এবং মাস শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময় আবার আগের নিয়মে ফিরে যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।