শিক্ষা, অর্থনীতি, জনপ্রশাসনসহ নানা খাতে সংস্কারের মাধ্যমে জাতি পুনর্গঠন করে ‘বৈষম্যহীন সমাজ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে গণসংহতি আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে রবিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
দলটি জানিয়েছে, দেশ শাসনের সুযোগ পেলে তারা সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে নাগরিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, নতুন অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করতে চায়।
রুবেল বলেন, “বাংলাদেশকে নতুনভাবে গঠন করার সম্ভাবনা এসেছে। আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছি, যেখানে সম্পদের ন্যায্য বণ্টন, শ্রমিক-শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গের ভিত্তিতে বৈষম্য দূরীকরণ এবং অর্থনীতির রূপান্তর ঘটানো হবে। আমরা দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পরিসরে উন্নীত করতে চাই।”
ইশতেহারে বলা হয়েছে, নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতির উৎপাদনশীল রূপান্তর, কৃষকের স্বার্থ রক্ষা, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারীর রাজনৈতিক অধিকার ও ক্ষমতায়ন, প্রকৃতির সুরক্ষা, নদী, খাল ও বনভূমি সংরক্ষণ এবং দেশের উৎপাদনশীল রূপান্তরে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
রুবেল আরও বলেন, “আমরা চাই এমন দেশ যেখানে তরুণরা উদ্যোক্তা হবেন, শ্রমিক-চাষির ন্যায্য অধিকার রক্ষা পাবে, নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত হবে, এবং চিকিৎসা ও শিক্ষার মানসম্মত সেবা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছাবে। আমাদের লক্ষ্য বিদ্যমান বখরাতন্ত্রের অবসান ঘটিয়ে বাংলাদেশকে উৎপাদনশীল ভিত্তিতে দাঁড় করানো।”
ইশতেহারে দুর্নীতিরোধ, ব্যাংক কোম্পানি আইনের সংস্কার, ডিজিটাল টেন্ডার প্রক্রিয়া এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। রুবেল জানান, গণসংহতি আন্দোলন আন্তর্জাতিকভাবে কারো সঙ্গে শত্রুতা সৃষ্টি করতে চায় না, তবে দেশের সার্বভৌমত্ব এবং ন্যায্য মর্যাদা রক্ষা নিশ্চিত করবে এবং একটি স্বাধীন, যুগোপযোগী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।