সকল মেনু

তারেক-শফিক বাহাস তীব্র হচ্ছে

ঘনিয়ে আসছে ভোট। প্রচার চলছে পুরোদমে। ময়দানে বাড়ছে উত্তেজনা। বিএনপি এবং জামায়াতের নেতারা একে অপরের সমালোচনা করছেন। এক সময়কার ঘনিষ্ঠ মিত্র দুই রাজনৈতিক দল এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী। নির্বাচনী প্রচারণার শুরুতেই কঠোর ভাষায় জামায়াতের সমালোচনা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দৃশ্যত এবার এর জবাব দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) পলাশবাড়ীতে এক নির্বাচনী সমাবেশে জামায়াত প্রধান বলেন, জামায়াতের নেতাকর্মীরা জুলুম-নির্যাতন সহ্য করে দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে কোথাও পালিয়ে যাননি। যে দলের নেতারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যান না। এ সময় তিনি আরও বলেন, ‘কাউকে ভাতার লোভ দেখিয়ে ভোট চাইব না। কাজ দিয়ে দেশের বেকারত্ব মুক্ত করার প্রতিশ্রুতি দিতে চাই। জামায়াত ক্ষমতায় গেলে আমরা বেকারদের কাজের ব্যবস্থা করে দেব।’

এর আগে নির্বাচনী প্রচারণার শুরুতেই সিলেট, মৌলভীবাজার এবং নরসিংদীতে দেওয়া সমাবেশে তারেক রহমান নাম না নিয়ে জামায়াতকে নিশানা করেন। তিনি বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলছে—তাদের ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশত ও দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এ ধরনের কথা বলে তারা শিরক করছে। নরসিংদীর সমাবেশে ভূমিকম্পের সঙ্গে জামায়াতের কর্মকাণ্ডের যোগ নিয়ে দেওয়া তার বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

ভোটের আগে দেশে দেশে রাজনীতিবিদদের মধ্যে বিতর্ক হয়। এটা নতুন কিছু নয়। পশ্চিমা দুনিয়ায় শীর্ষ নেতারা টেলিভিশন বিতর্কে বসেন। এ দেশে টিভিতে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চল রয়েছে। ১৯৯১ সালে আওয়ামী লীগের অপ্রত্যাশিত পরাজয়ের জন্য শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে দায়ী মনে করেন অনেক বিশ্লেষক।

বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক দশকে মূল লড়াই হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। সামনের সারিতে ছিলেন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। দিনের পর দিন তারা অবিরাম প্রচারণা চালিয়ে গেছেন। বক্তব্য দিয়ে গেছেন ঘণ্টার পর ঘণ্টা। এবার অবশ্য তারা কেউই দৃশ্যপটে নেই।

এবারের লড়াইটা তারেক রহমান ও শফিকুর রহমানের। তাদের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-বিশ্লেষণ। নিশ্চিতভাবেই ভোটারদের একাংশকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করবে এসব বক্তব্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top